আগস্ট মাসকে কেন্দ্র করে এখন পর্যন্ত নেতিবাচক কোনো তথ্য নেই উল্লেখ করে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, এর পরেও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো অপতত্পরতা রোধে প্রস্তুত রয়েছি। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা অবলম্বন করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে র্যাব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলায় জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় চার শতাধিক দুস্থ ও এতিম শিশুর মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল খাইরুল ইসলাম প্রমুখ।
র্যাব প্রধান বলেন, আগস্ট মাসে জঙ্গিরা ইতিপূর্বে অনেক অঘটন ঘটিয়েছে। প্রতিবারই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিট মিলে একসঙ্গে কাজ করি। আগস্ট মাসের সমস্ত ইভেন্ট যাতে নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করি। র্যাবের গোয়েন্দা ইউনিটও তত্পর রয়েছে।
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে র্যাব সদর দপ্তর পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। সারা দেশে র্যাবের সব ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ৪ হাজারের অধিক অসহায়, দুস্থ, এতিম ও হতদরিদ্রের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।