কাঁঠালবাড়ী-মাওয়া রুটে ফেরিতে ভারী যানবাহন পারাপার বন্ধ

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ নৌ-রুট রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট। কাঁঠালবাড়ী-মাওয়া নৌ-রুটে ভারী যানবাহন ফেরিতে পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। দৌলতদিয়া প্রান্তে পাঁচ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায়। এতে করে দুর্ভোগে পড়েছেন যানবাহনের যাত্রী, চালক ও তার সহযোগী।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে আটটি রো-রো ফেরি ও আটটি ছোট ফেরি (ইউটিলিটি ও কেটাইপ) ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে ৩, ৫, ৬ ও ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহনগুলো ফেরিতে ওঠানামা করছে। স্রোতের কারণে ৪ নম্বর ঘাটে ফেরি ভেড়াতে পারছে না।

সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট (৩ নম্বর ফেরিঘাট) এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূর পর্যন্ত বাস ও শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারের অপেক্ষায় রয়েছে।

অপরদিকে ঘাট এলাকায় অতিরিক্ত যানবাহন সামাল দিতে দৌলতদিয়া ঘাট থেকে ১৩ কিলোমিটার অদূরে তিন শতাধিক পচনশীল পণ্যবাহী যানবাহন আটক করে রাখা হয়েছে। গোয়ালন্দ মোড়ে আটকে থাকা পণ্যবাহী ট্রাকের চালকরা জানান, গত বুধবার সকালে গোয়ালন্দ মোড়ে ট্রাকের সিরিয়ালে আটকা পড়েছেন। এখানে আটকা পড়ে তাদের গোসল ও খাওয়া-দাওয়া করতে অসুবিধা হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পানি বৃদ্ধি হওয়ায় আগের তুলনায় ফেরি চলাচলে সময় বেশি লাগছে। নৌ-রুটে ১৬টি ফেরি যানবাহন পারাপার করছে। অগ্রাধিকার দিয়ে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে পারাপার করা হচ্ছে।