ছোটমনি নিবাসে শিশুকে বালিশচাপায় হত্যা

সিলেট নগরীর বাগবাড়িতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসে দুই মাসের শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খুনের অভিযোগে বৃহস্পতিবার সুলতানা ফেরদৌসী সিদ্দিকা নামের এক আয়াকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, শিশু মৃত্যুর ঘটনায় দায়ের করা জিডি পর্যালোচনায় সন্দেহবশত ঐ আয়াকে আটক করা হয়। প্রথমে আয়া সুলতানা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ দেখিয়ে তাকে আবারও প্রশ্ন করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। ওসি জানান, এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তবে এ বিষয়ে সরকারি অনুমোদন লাগবে।

অভিযোগ উঠেছে, নাবিল আহমদ নামের ঐ শিশুকে গত ২২ জুলাই দিবাগত রাতে প্রথমে সজোরে ছুড়ে ফেলেন ঐ আয়া। পরে বালিশচাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।

এদিকে বৃহস্পতিবার রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বাগবাড়ির ছোটমনি নিবাসে ছুটে যান। সেখান থেকে সিসি ক্যামেরায় শিশু নাবিল খুনের পুরো ঘটনাটির ফুটেজ জব্দ করা হয়। ফুটেজে দেখা গেছে, সুলতানা কীভাবে নাবিলকে ছুড়ে ফেলেন এবং বালিশচাপা দিয়ে হত্যা করেন।