সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন

খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে হামলা ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিছু এলাকায় খুলনার ঘটনা ছাড়াও সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মণ্ডলকে নৃৃশংসভাবে হত্যা, পটুয়াখালীর কলাপাড়া রাখাইন পল্লিতে হামলা নির্যাতন ও মৌলভীবাজারের কুলাউড়ায় হিন্দু পল্লিতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।

বরিশাল অফিস জানায়, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটসহ সমমনা বিভিন্ন সংগঠনের ব্যানারে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের বরিশাল শাখার সভাপতি সঞ্জয় ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতারা।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ। সকাল ১০টায় শুরু এই মানববন্ধন কর্মসূচিতে মতুয়া সম্প্রদায়ের শত শত নর-নারী অংশগ্রহণ করেন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের পশ্চিমপাড় কেন্দ্রীয় কালীমন্দিরের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, শুক্রবার সকালে জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের আইনের আওতায় এনে তাদের কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা জানান, শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও স্বেচ্ছাসেবক মহাজোট নাজিরপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে গতকাল এখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

 নাটোর প্রতিনিধি জানান, হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠন সকাল ১০টায় নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের আহ্বায়ক অ্যাডভোকেট ভাস্কর বাগচী, সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, যুব মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক লিটন সরকার প্রমুখ।

নওগাঁ প্রতিনিধি জানান, বাংলাদেশের হিন্দু মহাজোট নওগাঁ শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে নওগাঁ মুক্তির মোড়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হিন্দু মহাজোটের নওগাঁর সদস্য সচিব নিখিল চন্দ্র দাসের সভাপতিত্বে বাদল কুমার, রাম চন্দ্র, হিন্দু  যুব মহাজোটের নওগাঁ জেলা আহ্বায়ক সুবীর দাস বক্তব্য রাখেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার জেলা পূজা উদ্যাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের মুজিব সড়কস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাবনা প্রতিনিধি জানান, শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট পাবনা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক আশীষ বসাক, সৌমেন সাহা ভানু প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, শুক্রবার সকালে শহরের ১ নম্বর গেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহাজোট উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি মাধব পাল।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কমলগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, স্বেচ্ছাসেবক ও যুব মহাজোট, টিএসএস, জাগো হিন্দু পরিষদ কমলগঞ্জ শাখার আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলা চৌমুহনা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, শুক্রবার চৌরাস্তার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা জানান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দুমকি উপজেলা শাখার উদ্যোগে গতকাল সকাল ১১টায় দুমকি প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ।