বঙ্গবন্ধুর হত্যার বদলা নিতে হলে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে : নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার বদলা নিতে হলে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। গতকাল শুক্রবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে সংগঠনটি এই আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

নানক বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নতুন করে শপথ নিতে হবে। নতুন প্রত্যয়ে বলীয়ান হয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি এলেই জাতির পিতার বিদেহী আত্মা শান্তি পাবে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরুসহ সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যা।

মাহবুব উল আলম হানিফ বলেন, ১৫ই আগস্ট এ হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের প্রতিষ্ঠিত করেন। জিয়াউর রহমান জাতিকে দুই ভাগে বিভক্ত করেন। একটি স্বাধীনতার পক্ষের এবং অন্যটি বিপক্ষের শক্তি। জিয়াউর রহমান কখনো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। সব সময় পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করেছেন। সাংগঠনিক সম্পাদক মির্জা আজম আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী যে সব সংগঠনের নাম নেই, সে সব ভুঁইফোঁড় সংগঠনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানান।