জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সব শহিদদের স্মরণে, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় আউটার স্টেডিয়াম পল্টন ময়দানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ। এতে বিশেষ অতিথি ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, সঞ্চালনা করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
শেখ ফজলে শামস্ পরশ আরো বলেন, ৪৬ বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। বাঙালির মুক্তির মহানয়ক স্বাধীনতার সংগ্রাম শেষে যখন ক্ষত-বিক্ষত অবস্থা থেকে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন তখনই ঘটানো হয়েছিল ইতিহাসের নির্মম এ জঘন্য হত্যাযজ্ঞ। এই হত্যাকাণ্ডের সঙ্গে খুনি জিয়াউর রহমানের সম্পৃক্ততা রয়েছে। তাই আমরা খুনি জিয়ার মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, করোনার এই মহাসংকটে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনার শুরু থেকে যুবলীগ সারা দেশে কাজ করে যাচ্ছে। প্রতিটি দুর্যোগে যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, সুভাষ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, সোহেল পারভেজ প্রমুখ।