কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় বিকট শব্দে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে ওই ইউনিটের জরুরি বিভাগের পাশের রুমে এ ঘটনা ঘটে। এ সময় ওই ইউনিটে কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীসহ তাদের স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তারা ছোটাছুটি শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন কুমেক হাসপাতাল ও কুমিল্লা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
কুমিল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম সাংবাদিকদের জানান, ‘ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন ফিলিং করার কক্ষে বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, অক্সিজেন সিলিন্ডার লিক হয়ে হালকা আগুনের সূত্রপাত হয়। আগুনের বিষয়টি জানার পর রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসার আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/এমএএম