২০২০ সালের ফেব্রুয়ারিতে একদিন অতিরিক্ত। ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন। লিপ ইয়ার সম্পর্কে সাধারণ ধারণা—প্রতি চার বছরে একবার আসে, কিন্তু সব সময় এমনটি হবে সেরকম কোনো কথা নেই!
একটি বছর সাধারণত ৩৬৫ দিনে হয়। সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ সম্পন্ন করতে পৃথিবীর কত দিন লাগে? ৩৬৫ আসলে একটি পূর্ণ সংখ্যা। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবী ৩৬৫.২৪২১৯০ দিন বা ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৫৬ সেকেন্ড সময় নেয়। এই ‘সূর্য বছর’ কিছুটা দীর্ঘ এবং সেই অতিরিক্ত ৫ ঘণ্টা ৪৮ মিনিট এবং ৫৬ সেকেন্ড হিসাব করা দরকার। যদি আমরা এই অতিরিক্ত সময় হিসাব না-ও করি, তাহলেও ঋতু বা কাল ঘুরতে শুরু করবে। এটি বিরক্তিকর হতে পারে—আমরা প্রায় ৭০০ বছর ধরে উত্তর গোলার্ধে জুন মাসে গ্রীষ্মকাল দেখে এসেছি, তা যদি ডিসেম্বরে ঘটতে শুরু করে!
প্রতি চার বছর পর একটি অতিরিক্ত দিন যোগ করে, আমাদের ক্যালেন্ডার সূর্য বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, কিন্তু সেটাও ঠিক নয়। হিসাব করলেই দেখা যাবে যে, চার বছর ধরে ক্যালেন্ডার বছর এবং সূর্য বছরের মধ্যে পার্থক্য ঠিক ২৪ ঘণ্টা নয়। বরং ২৩.২৬২২২২ ঘণ্টা। আবার গোলমাল! প্রতি চার বছরে অতিরিক্ত একদিন যোগ করে, আমরা আসলে ক্যালেন্ডারটিকে ৪৪ মিনিটের বেশি দীর্ঘ করে ফেলছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ক্যালেন্ডারে এই অতিরিক্ত ৪৪ মিনিটও ঋতু বা কাল পরিবর্তন করে ফেলতে পারে। এই কারণে প্রতি চার বছরে একটি লিপ ইয়ার নয়। এজন্য নিয়ম হলো যদি বছরটি ১০০ দ্বারা বিভাজ্য এবং ৪০০ দ্বারা বিভাজ্য না হয়, তাহলে লিপ ইয়ার বাদ দেওয়া হবে। উদাহরণস্বরূপ, ২০০০ সাল লিপ ইয়ার ছিল, কিন্তু ১৭০০, ১৮০০, ১৯০০ সাল ছিল না এবং ২১০০ সালেও লিপ ইয়ার হবে না।
এখন কেন এটিকে লিপ ইয়ার বলা হয়? একটি সাধারণ বছরে ৫২ সপ্তাহ ১ দিন হয়। এর মানে হলো, কারো জন্মদিন যদি কোনো বছরের সোমবারে হয়—তাহলে পরবর্তী বছরে তার জন্মদিন মঙ্গলবারে হওয়া উচিত। লিপ ইয়ারের বছরে অতিরিক্ত একদিন যুক্ত হয় এবং জন্মদিন একদিন (লিপ) লাফ দেয়। সাধারণ বছরগুলিতে জন্মদিন মঙ্গলবারে হলেও লিপ ইয়ারের সময় এটি লাফিয়ে বুধবার হয়। এবং ২৯ ফেব্রুয়ারি লিপ ডে-তে জন্মগ্রহণ করার অর্থ এই নয় যে কেবল প্রতি চার বছরে একবার জন্মদিন উদযাপিত হবে। তিন বছর ১ মার্চ জন্মদিন উদযাপন করা যাবে।
লিপ ইয়ারকে ধন্যবাদ—এজন্য আমরা যখন যে কাল দেখে এসেছি তা সব সময় তখনই হয় আর আমাদের ক্যালেন্ডার বছরের সঙ্গে সূর্য বছরের মিলও করে দেয়।
ইমরান হোসেন