সর্বোচ্চ মাত্রার সতর্কতার আওতা বৃদ্ধি
বিবিসি
জাপানের নাগাসাকিতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই জন এখনো নিখোঁজ, এরা মৃত নারীর পরিবারের সদস্য বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। দেশটির কর্তৃপক্ষ সর্বোচ্চ মাত্রার ঝুঁকি সতর্কতার আওতা আরো বাড়িয়েছে। এর ফলে বিভিন্ন এলাকার ১০ লাখেরও বেশি মানুষকে এখন প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, ভূমিধসের ব্যাপারেও সাবধান থাকতে হচ্ছে।
ভূমিধসে দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি বাড়ি থেকে বাম পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত বয়স ৬০ এর ঘরে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার জাপানের বিভিন্ন অংশে রেকর্ড বৃষ্টিপাত দেখা গেছে বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে। একটি এলাকায় শনিবার সকাল পর্যন্ত ৭২ ঘণ্টায় ৪০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। টেলিভিশনের ফুটেজে হিরোশিমার কিছু কিছু অংশে নদীর পানির তীর উপচে ভেতরেও ঢুকে পড়ার দৃশ্য দেখা গেছে; পশ্চিম জাপানের অন্যান্য অনেক এলাকাতেও নদীর পানি বিপত্সীমায় অবস্থান করছে।
দেশটির প্রাচীন রাজধানী কিয়োটোর মধ্য দিয়ে বয়ে চলা কামো নদীর পানি বিপত্সীমার ওপরে থাকলেও শনিবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত নদীটির আশপাশের কোনো এলাকায় বন্যা দেখা যায়নি। ভারীবর্ষণ এখন জাপানের প্রধান দ্বীপ হোনশুর মধ্যভাগে চলে গেছে; দেশটিতে চলতিসপ্তাহ জুড়েই বৃষ্টির দেখা মিলতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।