জাতীয় শোক দিবস উপলক্ষে এটিএন বাংলায় আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘হন্তারক’। ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন সহিদ রাহমান এবং পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, মাসুম বাশার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, হিন্দোল রায় প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, নবমিতা একটা অনলাইন পত্রিকার সাংবাদিক। সে গভীর অপেক্ষায় আছে, আজ বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হলে তার পত্রিকায় লিড নিউজ করবে। প্রকাশক মুস্তফা টেলিভিশন থেকে চোখ সরাতে চাইছে না। পঁচাত্তরের কবি শুভাশিষ যেন বেেঁচই ছিল এই দিনটির অপেক্ষায়। এ সবকিছুর পরও তীব্র এক আত্ম-দ্বন্দ্বে ভুগতে থাকে নিম্মি, পঁচাত্তরের ঘাতক শাহারিয়ারের স্ত্রী। নিম্মি সেই হত্যাকাণ্ডের পরোক্ষ সাক্ষী। হত্যাকাণ্ডটি মেনে নিতে পারেনি নিম্মি। নিম্মি জানতো আজ হোক কাল হোক এই অপরাধের জন্য শাস্তি তাদের পেতেই হবে। আর হয়েছেও তাই। অবৈধ অস্ত্র রাখার দায়ে শাহারিয়ারকে একদিন নিম্মির সামনে থেকে পুলিশ ধরে নিয়ে যায়। বিচার প্রক্রিয়া পেরিয়ে আজ সেই দিন আসছে!