সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ন্যাশনাল হাউজিং

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহ শেষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৪৭ টাকা। আর বিদায়ি সপ্তাহের শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৬১ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৪ টাকা বা ২৯ দশমিক ৭৯ শতাংশ। এদিকে, ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে মিরাকলের ২৩ দশমিক ৮৪ শতাংশ, এপোলো ইস্পাতের ২৩ দশমিক ৬৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ১৫ দশমিক ৮৬ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১৫ দশমিক ৮৬ শতাংশ, আইপিডিসির ১৫ দশমিক ২৩ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১৫ দশমিক ১১ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ১৪ দশমিক ৯৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৪ দশমিক ৬৩ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের ১৪ দশমিক ২৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।