সিরাজগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধির কারণে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মধ্যে। গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ১৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টেও যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ২৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে যমুনায় পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল ও নদীতীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। জমি ও বসতবাড়িতে পানি উঠে পড়ায় বিপাকে পড়েছে জনসাধারণ। বিস্তীর্ণ ফসলি জমির বীজতলা, তিল, পাটসহ বিভিন্ন শাক-সবজির বাগান পানিতে তলিয়ে গেছে।