বরিশালে কমেছে আক্রান্ত ও মৃত্যু

বরিশাল অফিস

বরিশাল বিভাগে গতকাল শনিবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়। মৃত পাঁচ জনের মধ্যে বরিশালে তিন জন, ঝালকাঠিতে এক জন ও বরগুনায় এক জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৭০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ছয় জন এবং করোনায় আক্রান্ত হয়ে দুই জন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আরো তিন জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টার ব্যবধানে ১৭০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৪০ হাজার ৭৬২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ২৩ হাজার ৬২৭ জন। এদিকে শেবাচিমের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ শুক্রবার রাতের রিপোর্টে ৩০ দশমিক ৮৪ শতাংশ। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিত্সাধীন অবস্থায় ১ হাজার ২৬৫ জন রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৬০ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শনিবার দুপুর ২টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩০০ বেডের স্থলে চিকিত্সাধীন ছিলেন ১৯৯ জন রোগী।