শিবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

শিবপুরে পুকুরে গোসল করতে নেমে লিমন মিয়া (৯) ও জুনায়েদ মিয়া (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকার নির্মাণাধীন বিসিক শিল্পনগরীর ভেতরের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঐ দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। নিহত লিমন মিয়া শিবপুরের মুন্সেফের চর এলাকার রিপন মিয়ার ছেলে ও জুনায়েদ মিয়া একই এলাকার কিরণ মিয়ার ছেলে। পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ জানান, শুক্রবার দুপুরে ঐ দুই শিশু হয়তো পুকুরটিতে গোসল করতে নেমেছিল। বিকাল ৫টার দিকে তাদের লাশ পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।