আগস্ট এলিজি ২০২১

আসাদ মান্নান

যখন আগস্টে আমি ঠিক মতো ঘুমোতে পারি না,

অশান্তির অগ্নিবাণে বিদ্ধ হয় বিক্ষত বিবেক,

অপরাধবোধে পুড়ে সারা রাত নির্ঘুম কাটাই

তখন নিজেকে আমি মনে করি দোজখে রয়েছি;

করোনা রোগীর যেন শ্বাসকষ্টে ওষ্ঠাগত প্রাণ

এ কেমন দুর্বিষহ জীবনের করুণ নিয়তি!

তখন আমার কাছে মনে হয় মরণেই সুখ—

ঘুমের ভেতরে গিয়ে স্বপ্নে খুঁজি মৃত্যুর ঠিকানা।

বহু কষ্টে ঘুম নয় তন্দ্রা চোখে শুয়ে বিছানায়

স্মৃতির ভেতরে আমি খুঁড়তে থাকি স্বপ্নের পরিখা;

দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি দিতে বহু দিন পর

আমার চোখের হ্রদে ঘুম আসে—আহা কী আরাম,

জলে-স্থলে অন্তরীক্ষে চারিদিকে বিজয় উল্লাস—

পিতার কন্যার হাতে কে দিয়েছে ম্যাজিক লণ্ঠন!

২.

যখন আগস্ট মাসে বৃষ্টি নামে মুষলধারায়

তখন আমার কাছে মনে হয় ওটা বৃষ্টি নয়

বাংলার আকাশ থেকে জাতির পিতার রক্ত ঝরছে,

ছয়চল্লিশ বছর পূর্বে ধানমন্ডি বত্রিশ নম্বরে

যে নির্মম গণহত্যা চালিয়েছে জারজ ঘাতক

পৃথিবীতে এরকম আর কোনো নজির মেলে না;

মুহূর্তের মধ্যে তারা বাঙালির গৌরব নিবাস

রক্তের লোহিত স্রোতে ভাসিয়ে দিয়েছে।

সেই মর্মান্তিক হত্যাযজ্ঞে মর্মাহত নদীগুলো

বেমালুম পথ ভুলে বালুচরে মুখ থুবড়ে পড়ে,

প্রভাতে অস্থির কাক প্রাত্যহিক ডাক ভুলে যায়;

বেদনাদায়ক সে দিনের শোকাবহ দৃশ্য দেখে

রীতিমতো বন্ধ থাকে বহমান বায়ুর প্রবাহঃ

আকাশ মাটিতে নেমে সেজদা দেয় বাংলার মাটিতে।