ক্রিকেটারদের পদচারণায় মুখর শেরেবাংলা

 ‘এ’ দল ও এইচপির সিরিজ চট্টগ্রামে

এইচপি স্কোয়াড

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হূদয়, আনিসুল ইসলাম, ইমরানুজ্জামান ইমরান, আকবর আলী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।

 স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষে জাতীয় দলের ক্রিকেটাররা ছুটিতে আছেন। সিরিজটা খেলতে না পারা মুশফিকুর রহিম নিয়মিত অনুশীলন করছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। গতকাল সৌম্য সরকারকেও দেখা গেল ব্যাটিং করছেন নেটে। পাঁচ ম্যাচে ২৮ রান করার পর সৌম্যর এতটুকু সিরিয়াসনেস প্রত্যাশিতই বটে।

দুপুরের আগে মিরপুর স্টেডিয়ামে দেখা মিলল আরো অনেক ক্রিকেটারের। বেশির ভাগই টেস্ট দলের ক্রিকেটার। যেন প্রাণ চাঞ্চল্য ফিরল স্টেডিয়ামে। জিম, রানিং সেশনের পর বের হয়ে গেলেন এনামুল হক বিজয়। সাইফ হাসান, নাঈম হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, এবাদত হোসেন, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজরা এসেছেন মাঠে। অবশ্য তারা এসেছিলেন করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে।

তারা সবাই ‘এ’ দলের হয়ে হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিরুদ্ধে সিরিজ খেলবেন। পুরো সিরিজ হবে চট্টগ্রামে। এইচপি, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও গতকাল করোনা পরীক্ষার জন্য প্রথম বার দফা নমুনা দিয়েছেন।

এইচপির ক্যাম্প করা এবং সঙ্গে টেস্ট দলের খেলোয়াড়দের ক্রিকেটে ফেরাতেই সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘চট্টগ্রামে আমাদের দুটো টিম যাচ্ছে, একটা ‘এ’ টিম, আরেকটা এইচপি। ‘এ’ টিমে টেস্টে প্লেয়াররাই যাবে। যারা রেড বলের ক্রিকেট খেলে। ওখানে আমরা একটা সিরিজ আয়োজন করেছি এইচপি আর ‘এ’ টিমের। ওখানে তিনটা ওয়ানডে হবে এবং দুটো চার দিনের ম্যাচ থাকবে।’

গতকাল ঘোষিত সূচি অনুযায়ী ১৭ আগস্ট চট্টগ্রামে যাবে দুই দল। ১৯ আগস্ট থেকে অনুশীলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ২, ৪, ৬ সেপ্টেম্বর এবং ৯-১২ সেপ্টেম্বর প্রথম, ১৫-১৮ সেপ্টেম্বর দ্বিতীয় চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল ২২ সদস্যের এইচপি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ‘এ’ দলে সুযোগ পাবেন ১৮ ক্রিকেটার।

গত বোর্ড সভায় জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটারদের নিয়ে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে একটি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। যদিও তা  এখনো বাস্তবে রূপ পায়নি। গতকাল প্রধান নির্বাচক জানিয়েছেন, এ বিষয়ে কয়েকটি মিটিং হয়েছে তাদের। মাঠের স্বল্পতা, অপ্রতুল সুযোগ-সুবিধা বাধা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ টাইগার্স গঠনে।