দ্বিতীয় রানের জন্য দৌড় দিতে গিয়ে ক্রেইগ ব্রেথওয়েট বুঝে ফেলেছিলেন একটা ঝামেলা হবে। সেটাই হলো, রান আউটের কাটায় পড়ে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতেই বিদায় নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। দিন শেষে সেঞ্চুরি সুযোগ হারানোর আক্ষেপ প্রকাশ করলেও তার ৯৭ রানের ইনিংসে ভর করে জ্যামাইকা টেস্টে লিড নিয়েছে দল। পাকিস্তানের ৩৪ রানে এগিয়ে থেকে ৮ উইকেটে ২৫১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবিয়ানরা। এর আগে প্রথম ইনিংসে ২১৭ রানে অল আউট হয় সফরকারী পাকিস্তান। জবাব দিতে নেমে ১০০ রানের ভেতরই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। তবে ষষ্ঠ উইকেটে জেসন হোল্ডারকে নিয়ে জুটি বাধে অধিনায়ক ব্রেথওয়েট। ৫৮ রান করে হোল্ডার ফিরলে ভাঙে ৯৬ রানের জুটি। তবে ব্রেথওয়েট থামেন দলকে লিড এনে দিয়ে। ক্রিজে জোমেল ওয়ারিক্যান নিয়ে ২০ রানে ব্যাট করছেন জশুয়া দা সিলভা।