প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। শীর্ষ ক্রিকেটারদের বাদ দিয়ে টম ল্যাথামের নেতৃত্বে দ্বিতীয় সারির একটা দল পাঠাচ্ছে কিউইরা। ঢাকায় এসে তিন দিন কোয়ারেন্টাইনের পর সূচি অনুযায়ী আগামী ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের।

গতকাল জানা গেল, প্রস্তুতি ম্যাচ খেলার চিন্তা বাদ দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। প্রস্তুতি ম্যাচটি খেলবে না তারা। কোয়ারেন্টাইন শেষে মিরপুর স্টেডিয়ামে টানা অনুশীলন করবে সফরকারীরা। অনুশীলনকে পুঁজি করেই সিরিজের মূল লড়াইয়ে নামবে দলটি।

নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গতকাল তিনি বলেছেন, ‘ওদের প্রস্তুতি ম্যাচ বাদ হয়ে গেছে। প্রস্তুতি ম্যাচ নাই।’

হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে ২৭ আগস্ট। তার আগে ২৪ থেকে ২৬ আগস্ট কোয়ারেন্টাইনে থাকবে টাইগাররা। জৈব সুরক্ষা বলয়ে তিন দিন কাটানোর পরই অনুশীলনে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজের জন্য বাংলাদেশ দলটা ঘোষণা হতে পারে ২০ আগস্ট।

দলগত অনুশীলন পরে শুরু হলেও ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন। ইতিমধ্যে মুশফিকুর রহিম অনুশীলন চালিয়ে যাচ্ছেন। গতকাল সৌম্য সরকার অনুশীলনে ফিরেছেন। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে ২০ আগস্ট থেকে স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটার অনুশীলনে ফিরতে পারেন।

হাঁটুর ইনজুরিতে পড়া তামিম ইকবালকে নিউজিল্যান্ড সিরিজেও পাওয়ার সম্ভাবনা কম। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলে ফেরার পর থেকে রিহ্যাব চলছে বাঁহাতি এ ওপেনারের। অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হবে না তার। তবে মুশফিক, লিটন দাসের ফেরাটা প্রায় নিশ্চিত।