‘বঙ্গবন্ধু শোষণমুক্ত বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতেন ’

ইত্তেফাক রিপোর্ট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ-বঞ্চনামুক্ত বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতেন। বাঙালির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও পরীক্ষিত নেতা ছিলেন তিনি। আজীবন বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য রাজনীতি করেছেন। তার জীবনের দীর্ঘ ও সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ। গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধুর চেতনায় সিভিল সার্ভিস’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু সারাজীবন মানুষের মুক্তির লক্ষ্যে লড়াই করে গেছেন। তার দুটি লক্ষ্য ছিল:এদেশের মানুষকে স্বাধীনতা এনে দেওয়া এবং দেশকে বিশ্বের বুকে সম্মানের স্থানে প্রতিষ্ঠিত করা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম।