শোক দিবসের অঙ্গীকার হোক ক্ষুধা ও দুর্নীতিমুক্ত কল্যাণময় রাষ্ট্র নির্মাণ ---------- জি এম কাদের

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, প্রজ্ঞা, ত্যাগ, কঠোর মনোবল ও সাহসিকতা তাকে বিশ্বদরবারে অবিসংবাদিত করেছিল। দেশবাসী তাকে পরম বিশ্বাস ও আস্থার সঙ্গে অন্তরে স্থান দিয়েছেন। তিনি ছিলেন সর্বস্তরের গণমানুষের অন্তরের নেতা। সেই অবস্থান থেকেই তিনি হয়েছেন চিরঅম্লান, চিরভাস্বর ও চিরঞ্জীব। শোকাবহ এই দিনে আমাদের অঙ্গীকার—ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব।’