পদ্মা সেতুর নিরাপত্তা

সরকারের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু সমস্ত বাধা অতিক্রম করে এখন যান চলাচলের প্রায় উপযোগী। কিন্তু সাম্প্রতিক সময়ে মাত্র দুই মাসে পাঁচবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে, যা অতি উদ্বেগজনক। প্রথম ধাক্কার ঘটনাটি তদন্ত করে মাস্টার ও সুকানিকে দোষী সাব্যস্ত করা হলেও পরবর্তী চারটি ঘটনা অনেকটাই প্রাকৃতিক। নদীর তীব্র স্রোত আর অত্যধিক বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিগুলো পিলারের সঙ্গে ধাক্কা খায়। প্রথম দুর্ঘটনা ঘটার পরই সেতু কর্তৃপক্ষ বিআইডব্লি­উটিসিকে ঘাট স্থানান্তরের আবেদন জানালে তা নাকচ করে দেওয়া হয়। তৃতীয় দুর্ঘটনার পর সেতুর নিচ দিয়ে ভারী যানবাহী ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলেও থামেনি দুর্ঘটনা। শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলাচলকারী ফেরিগুলো পুরনো হওয়ায় সেগুলো স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। এছাড়া চালকদের অসতর্কতাও অনেকাংশে দায়ী। তাই দেশের এ মেগা প্রকল্প রক্ষায় এখনি সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা বিশেষ করে যত দ্রুত সম্ভব ঘাট স্থানান্তর করতে হবে এবং প্রতিটি দুর্ঘটনার যথাযথ তদন্ত করে নিতে হবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। ঘাট স্থানান্তর সম্ভব না হলে তীব্র স্রোতের সময় ফেরি চলাচল বন্ধ রাখতে হবে। দেশের সম্পদ যেন কারো অবহেলায় নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখা উচিত।

মো. সৈয়দুর রহমান, শিক্ষার্থী, ঢাকা কলেজ