হোমিওপ্যাথি-ইউনানি চর্চাকারীদের ডাক্তার পদবি ব্যবহার বেআইনি

বিকল্প ধারার চিকিত্সা পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ ধারার চিকিত্সা পদ্ধতিকে (হোমিওপ্যাথি, ইউনানী ও আয়ুর্বেদ) আইনি কাঠামোর মধ্যে আনতে সরকারকে পরামর্শ দিয়েছে আদালত। প্রয়োজনে এ সংক্রান্ত আলাদা মন্ত্রণালয় গঠন করতে বলা হয়েছে। ‘ন্যাশনাল মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অন্যান্য বনাম সরকার ও অন্যান্য’ মামলায় হাইকোর্ট এ সুপারিশ করেছে।

আদালত বলেছে, প্রত্যেক নাগরিক কোনো পদ্ধতির চিকিত্সা গ্রহণ করবে এটা সম্পূর্ণ তার মৌলিক অধিকার। সুতরাং বিকল্প ধারার কিংবা প্রচলিত চিকিত্সক হওয়ার নিমিত্তে প্রয়োজনীয় আইনি কাঠামো প্রস্তুত করে দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এই রায় দিয়েছেন।

বর্তমানে বিকল্প ধারার বিভিন্ন ধরনের চিকিত্সা পদ্ধতিকে আইন ও বিধিমালা প্রণয়ণের মাধ্যমে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯৪টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৭৯টি সদস্য রাষ্ট্র বিকল্প ধারা চিকিত্সা পদ্ধতির আইন ও নিয়ন্ত্রণ অবকাঠামো প্রণয়ন করেছে। কিন্তু বাংলাদেশে যারা বিকল্প ধারার চিকিত্সা দেন তাদের নামের পূর্বে ডাক্তার (ডা.) পদবি ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট।

আদালত বলেছে, দুঃখজনকভাবে এটা লক্ষণীয় যে, অলটারনেটিভ মেডিসিনের হাজার হাজার ডাক্তারগণ দেশের আনাচে কানাচে প্রশাসন ও কর্তৃপক্ষের সামনে আইনগত অনুমোদন                 ব্যতিরেকে অলটারনেটিভ মেডিসিনের চিকিত্সা প্রদান করে আসছে। এছাড়া বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী বিএমডিসি এর নিবন্ধনভুক্ত মেডিক্যাল বা ডেন্টাল ইনস্টিটিউট কর্তৃক এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ তাদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সংশোধিত বিজ্ঞপ্তিতে অলটারনেটিভ মেডিক্যাল কেয়ার শীর্ষক অপারেশনাল প্লানের বিভিন্ন পদে কর্মরত হোমিওপ্যাথি, ইউনানী ও আয়ুর্বেদিক কর্মকর্তাদের স্ব-স্ব নামের পূর্বে ডাক্তার (ডা.) পদবি সংযোজনের অনুমতি প্রদান করেছে। যা এক কথায় আইনগত কর্তৃত্ব বহির্ভূত  তথা বেআইনি। এছাড়াও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক গত বছরের ৬ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তিতে বিভিন্ন শাখায় হোমিওপ্যাথি চিকিত্সকগণকে তাদের নামের পূর্বে পদবি হিসেবে ডাক্তার ব্যবহারের অনুমতি প্রদান করাও বেআইনি।