নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ মোল্লা (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শনিবার বিকালে ৪০ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরো কয়েক জনকে আসামি করে সুধারাম মডেল থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের ছোট ভাই আমিনুল হক মামলাটি করেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে গত বছরের জুন মাসে ঐ ইউনিয়ন পরিষদের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নিহত হোরনের ছেলে বর্তমান ইউনিয়ন পরিষদের মেম্বার রিয়াজ উদ্দিকে। এছাড়া ঘটনার রাতে গ্রেফতারকৃত মো. সোহাগ (২৪) ও মো. মিলন হোসেনকেও আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত দুই জনকে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, রাজনৈতিক কোন্দল ও পূর্ব শক্রতার জের ধরে শুক্রবার রাতে নিজ বাড়ির পাশে পশ্চিম মাইজচরা গ্রামের চৌকিদারহাট এলাকায় হারুনুর রশিদ মোল্লাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় তার ভাতিজা রমিজ ও ছেলে সজীবকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।