ত্রিশালে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, পাঁচ যাত্রী নিহত আহত ২৫

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। ত্রিশাল থানা,ফায়ার সার্ভিস ও এলাকাবাসি সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় নামক স্থানে সিমেন্ট ভর্তি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ( ঢাকা মেট্রো ট-১৮-৩৩২৬) ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব-১৩-০৩৫৪) ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, আহতদের উদ্ধার করে ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, তিনটি মরদেহ ত্রিশাল থানায় ও দুটি মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত পাঁচ জনের সবাই পুরুষ। এদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শহিদুল ইসলাম। তিনি ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালির বাজার এলাকার বাসিন্দা। তিনি একটি টেক্সটাইল মিলে লোডার পদে কর্মরত ছিলেন।