‘বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যায়নি এটা বাঙ্গালি জাতির জন্য একটি হতাশা’

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ইতিহাসের কালো অধ্যায় হিসাবে আজকের দিনটি লেখা থাকবে। বাঙ্গালী জাতির জন্য মর্মান্তিক এই দিনটি। এখনো বঙ্গবন্ধুর খুনি মোস্তাক, জিয়া গং দের বিচার করা যায়নি। এই খুনির দলের বিচার হবার আগেই তাদের মৃত্যু হয়েছে এটা বাঙ্গালি জাতির জন্য একটি হতাশা। মোস্তাক-জিয়া গং ই বঙ্গবন্ধুর প্রধান খুনি। খুনিদের সাথে যেসব যড়যন্ত্রকারী নেতা, সুশীলবগণ জড়িত ছিল তাদের রাজনীতি থেকে চির নির্বাসন ঘটিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বোই গড়বো। 

রবিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় তিনি জাতির পিতার সমাধিবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিন-বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করে। বেজে ওঠে বিউগলের সুর। এরপর তিনি সেখানে বিশেষ মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 

এরপর আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্যগণ জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। 

এসময় পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য (অব.) কর্নেল ফারুক খান, শাহজাহান খান এমপি এবং জাহাঙ্গীর কবির নানক, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম এবং এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু এমপি, আব্দুল আউয়াল শামীম, সায়েম খান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এমএএম