রেজানুর গল্পটি নিয়ে সিনেমা নির্মাণ করুক: ফজলুর রহমান বাবু

 বিনোদন প্রতিবেদক

 

নির্মাতা রেজানুর রহমান ১৮ বছর আগে নির্মাণ করেন ‘মিনিস্টার’ নামের একটি নাটক। সম্প্রতি সেই নাটকটির কলাকুশলীদের নিয়ে এক প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকটির অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু, মোহাম্মদ বারী, নির্মাতা রেজানুর রহমান, নাটকের অন্যান্য অভিনেতা-অভিনেত্রী, সৈয়দ ইশতিয়াক রেজা, জসীম উদ্দিনসহ অনেকে। এ সময় নাটকটি বড়পর্দায় প্রদর্শন করা হয়। মাত্র ৪২ মিনিটের এই নাটকটি মুহূর্তেই সকলের হূদয় ছুঁয়ে যায়। নাটকটিতে ফজলুর রহমান বাবুর একজন পঙ্গু মুক্তিযোদ্ধার চরিত্রে অনবদ্য অভিনয় আমন্ত্রিত অতিথিদের আপ্লুত করে। অনেকেই নাটকটির সিক্যুয়েল বা সিনেমা নির্মাণ করতে বলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘নাটকটি নির্মাণের ১৪ বছর পরও এমন প্রশংসা সত্যি অনেক ভালোলাগার। নানা মাধ্যমে নাটকটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নাটকটির অসাধারণ গল্প ও নির্মাণশৈলীর কারণেই এই সাফল্য। এ ধরনের গল্প সবাই ভালোবেসেই গ্রহণ করেন। এত কম সময়ে এত সুন্দর একটি গল্প রেজানুর রহমান তুলে ধরেছেন, যা প্রশংসার দাবি রাখে। তবে চাইলেও এত অল্প সময়ে সবকিছু বলা সম্ভব হয় না। তাই আমি বলবো নতুন কোনো সিক্যুয়েল নয়, এই গল্পটি নিয়ে সিনেমা নির্মাণ করলেই ভালো হবে। একটু বেশি সময় নিয়ে কাজ করলে গল্পটি আরো হূদয়গ্রাহী হবে। কারণ সিনেমাতে বেশি সময় পাওয়া যায়। তাই আমি চাই, রেজানুর রহমান এই গল্পটি নিয়ে সিনেমা নির্মাণ করুক।’