টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফ সীমান্তে রবিবার ভোরে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি অস্ত্রসহ নৌকা জব্দ করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ভোর ৪টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির বিশেষ টহল দল রিজভীখাল এলাকা দিয়ে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তিন জন লোক কাঠের নৌকা নিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করতে গেলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। তখন তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পালটা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়ে নাফ নদীতে পড়ে ভাটার টানে তলিয়ে যান এবং অপর দুই জন সাঁতার কেটে মিয়ানমার সীমান্তে পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান এবং অবৈধ মাদক পাচারের দায়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।