বেনজেমার জোড়া গোলে রিয়ালের দুর্দান্ত সূচনা

  স্পোর্টস ডেস্ক

গোল করার জন্য রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসার নাম করিম বেনজেমা। গত মৌসুম যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন নতুন মৌসুমের শুরু করলেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। তার জোড়া গোলে আলাভেসের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় নিয়ে  লা লিগায় দুর্দান্ত সূচনা করেছে রিয়াল মাদ্রিদও।

বর্তমানে সেরা স্ট্রাইকারের নাম বললে বেনজেমার নাম প্রথম সারিতেই আসবে। তবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাকে শুধু স্ট্রাইকার হিসেবে ভাবতে নারাজ। জয় দিয়ে লস ব্লাঙ্কোসদের হয়ে দ্বিতীয় মেয়াদ শুরু করার পর আনচেলত্তি বলেন, ‘বেনজেমাকে শুধু স্ট্রাইকার বললে তার সঙ্গে ন্যায় করা হবে না। সে পূর্ণাঙ্গ একজন খেলোয়াড়, পাঁচ বছর আগের থেকেও সে বেশি পূর্ণাঙ্গ খেলোয়াড়।’  

মেন্দিজোরোজা স্টেডিয়ামে ম্যাচের সব গোলই এসেছে বিরতির পর। আলাভেসের মতো পুচকে দলের বিপক্ষে বিরতির আগে নিজেদের হারিয়ে খুঁজছিল রিয়াল। তবে ৪৮মিনিটে এডেন হ্যাজার্ডের পাস থেকে গোলের ডেডলক ভাঙেন বেনজেমা। ৮ মিনিট পর লুকা মদ্রিচের বানিয়ে দেওয়া বলে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ।

৬২ মিনিটে  নিজের দ্বিতীয় গোলের দেখা পান বেনজেমা। তবে এর পরের মিনিটেই পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আলাভেস। কিন্তু অতিরিক্ত সময়ে  স্বাগতিকদের কফিনে শেষ পেরকটি ঠুকান ভিনিয়াস জুনিয়র। নতুন সাইনিং ডেভিড আলাবার ক্রস থেকে দুর্দান্ত হেডে জালের ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রিয়ালের মতোই প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু করেছে লিভারপুল। নরউইচ সিটিকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়ে আসে অলরেডরা। হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠে ৯ মাস পর এই ম্যাচ দিয়েই লিভারপুলের জার্সিতে ফিরেছেন ভার্জিল ফন ডাইক। এদিকে বুন্দেসলিগায় এর্লিং হল্যান্ডের জোড়া গোলে আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ৫-২ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।