আলোচনাসভায় বিএসইসি চেয়ারম্যান
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমরা সবাই সুন্দর ও পরিচ্ছন্ন পুঁজিবাজার গড়তে কাজ করছি। এ কাজে সবাই সহযোগিতা করছেন। বর্তমান পুঁজিবাজার অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। গতকাল রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাজার মূলধন ৩ লাখ কোটি টাকা থেকে ৫ লাখ কোটি টাকায় উন্নীত হয়েছে। অনেকে এ বাজারকে ওভার ভ্যালুড বলছেন, যা ঠিক নয়। দেশের পুঁজিবাজার এখন অনেক দূর যাওয়ার সুযোগ রয়েছে। বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশ স্বাধীন না হলে আজ এত সুন্দর পুঁজিবাজার উপহার দিতে পারতাম না। স্বাধীনভাবে পুঁজিবাজারকে এগিয়ে নিতে পারতাম না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ হলো দেশের অর্থনৈতিক মুক্তি এবং সোনার বাংলা গড়া। আসুন আমরা অর্থনৈতিক মুক্তি ও সোনার বাংলা গড়ে তুলে একটি ভালো পুঁজিবাজার উপহার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
আলোচনাসভায় বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান ও আব্দুল হালিম। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউশনের (বিআইসিএম) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারসহ অন্যরা।