ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ব্যাংকে ১০ বছরমেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের (রি-ইস্যু) নিলাম হবে ১৭ আগস্ট মঙ্গলবার। নিলামে চলতি বছর ১৭ ফেব্রুয়ারি ইস্যুকৃত ১০ বছরমেয়াদি ট্রেজারি বন্ড (কুপন হার ৬ দশমিক ০১ শতাংশ), এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০৩১ এর ১ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড রি-ইস্যু করা হবে। রি-ইস্যু নিলাম প্রাইজভিত্তিক হবে। নিলামে রি-ইস্যুকৃত ট্রেজারি বন্ড ডিসকাউনটে, প্রিমিয়ামে বা অভিহিত মূল্যে বিক্রয় হতে পারে। বিজয়ী বিডাররা স্ব স্ব বিডমূল্য পরিশোধ করবে। রি-ইস্যুকৃত বন্ডের জন্য বার্ষিক ৬ দশমিক ০১ শতাংশ হারে কুপন বা মুনাফা ষান্মাসিক ভিত্তিতে পরিশোধ্য হবে।
নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও (নিজস্ব খাতে বা তাদের ব্যক্তি/প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য) প্রাইমারি ডিলারের মাধ্যমে অকশনে বিড দাখিল করতে পারবে।
অভিহিত মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত প্রাইজ ও বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে নিলামের দিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এমআই মডিউলের মাধ্যমে বিড দাখিল করতে হবে। তবে বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে পূর্বে অনুসৃত ম্যানুয়াল পদ্ধতিতে বিড দাখিল করা যেতে পারে। নিলামে অংশগ্রহণের পদ্ধতিগত নির্দেশনা ইতিমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।