ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একবিংশ শতকে ভারতকে স্বপ্নপূরণ থেকে কেউ রুখতে পারবে না। গতকাল রবিবার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লাল কেল্লায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। ভাষণে ভারতবাসী এবং বিশ্ব জুড়ে গণতন্ত্র প্রেমীদের শুভেচ্ছা জানান তিনি। নতুন ভারত তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মোদি বলেন, ১০০ শতাংশ গ্রামাঞ্চলে রাস্তা থাকবে, ১০০ শতাংশ পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। শতভাগ মানুষ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী হবে। প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট সংযোগ, উত্তর-পূর্বের রাজ্যগুলোর সঙ্গে সারা দেশের রেলপথে সংযোগের পাশাপাশি মোদির ভাষণে উঠে আসে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ। তিনি বলেন, লাদাখে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়েছে। জম্মু হোক বা কাশ্মীর, আমাদের উন্নয়নের গতি সমান থাকবে। জম্মু ও কাশ্মীরের উন্নয়ন দেখা যাচ্ছে। সেখানে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে।
চীন এবং পাকিস্তানকে সতর্ক করতে সার্জিকাল স্ট্রাইক আর এয়ারস্ট্রাইকের প্রসঙ্গ তুলে আনেন মোদি। তিনি বলেন, সার্জিকাল স্ট্রাইক আর এয়ারস্ট্রাইকের মাধ্যমে আমরা দেশের শত্রুদের একটা নতুন ভারতের বার্তা দিয়েছি। এটা জানানো হয়েছে যে, ভারত কঠিন সিদ্ধান্ত নিতে পারে।
তিনি বলেন, গোটা বিশ্ব ভারতকে এখন নতুন দৃষ্টিতে দেখে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। বিস্তারবাদী ক্ষমতার কড়া মোকাবিলাও করছে। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকতে হবে। দেশকে আত্মনির্ভর করে তুলতে সকলকে উদ্যোগী হতে হবে। দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি, সেনাদের হাত মজবুত করতে কোনো ত্রুটি রাখব না।