পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দুর্নীতি একটি বড় সামাজিক সমস্যা। দুর্নীতিবাজ কাউকে প্রধানমন্ত্রী ছাড় দিচ্ছেন না। দুর্নীতি না থাকলে প্রবৃদ্ধি আরো বাড়ত। সরকার দুর্নীতিকে উন্নয়নের অন্তরায় হিসেবে বিবেচনা করে। এলডিসি উত্তরণের পথে দুর্নীতি একটি বড় চ্যালেঞ্জ। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘এলডিসির চ্যালেঞ্জ উত্তরণে সরকারের প্র্রস্তুতি’ নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, গত অর্থবছরের তুলনায় এ বছর ১৯ শতাংশ রপ্তানি আয় বেড়েছে। পদ্মা সেতু চালু হলে জিডিপি ৩ শতাংশ বাড়বে। এলডিসি উত্তরণের জন্য নির্ধারিত তিনটি মানদণ্ড পর পর দুবার বাংলাদেশ পূরণ করতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশের সক্ষমতার পরিচয় বহন করে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশকে পরাজিত করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া চ্যাম্পিয়ান হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোর্শেদ, সাংবাদিক কাবেরী মৈত্রেয়, উম্মান নাহার আজমী ও আবদুর রহিম হারমাছি। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি