নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে কক্সবাজারে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গাকে নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৪ জনকে উদ্ধার করতে পারলেও ২৬ জন নিখোঁজ রয়েছেন। একটি শিশুর লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার করা ১৪ জনের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন।
গত শুক্রবার রাতে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। শনিবার ভোরের দিকে ১৪ জন রোহিঙ্গাকে পাশের মাছধরা ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ২৭ জন এখনো নিখোঁজ। ভাসানচর ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কান্ট্রিবোটে করে ৪১ জন রোহিঙ্গা পালিয়ে যান। চট্টগ্রামের সামুদ্রিক সীমানায় ট্রলারটি প্রবল স্রোতের মুখে উলটে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হন। উদ্ধারের পর ১৪ রোহিঙ্গাকে ভাসানচরে পৌঁছে দেন জেলেরা। এদিকে নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, কোস্ট গার্ড ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে।
ভাসানচর ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে জেলেরা ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকিদের উদ্ধারে কোস্ট গার্ড, নৌবাহিনীর সদস্যদের অভিযান চলছে। কোস্ট গার্ড সদর দপ্তরে মিডিয়া শাখার প্রধান লে. কমান্ডার আমিরুল হক জানান, গতকাল রবিবার বিকাল নৌবাহিনী উদ্ধারকারীদল আব্দুল হাফেজ (১০) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে।