বঙ্গবন্ধু কোনো দলের নয়, বাঙালি জাতির সম্পদ :জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো একটি দলের নয়, তিনি বাঙালি জাতির সম্পদ। বঙ্গবন্ধুকে দলীয় সম্পদ করতে চেয়ে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে ছোট করছে। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। কারণ, বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি জাতি ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। একই সময়ে দেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার জাপা চেয়ারম্যান তার বনানী কার্যালয় মিলনায়তনে এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

জি এম কাদের বলেন, ইতিহাসে বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব বিরল। তাই বাংলাদেশ, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো দ্বিমত নেই। এরশাদ সংসদে বলেছিলেন—জাপা বঙ্গবন্ধুকে জাতির জনকের স্বীকৃতি দিতে চেয়েছিল। কিন্তু কিছু বাধার কারণে তা করতে পারেননি। জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বঙ্গবন্ধু হত্যায় রাজনৈতিক নেতাদের জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। ইতিহাস বিকৃত করা যায় না, ইতিহাস আপন গতিতে চলবে। জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশ্নে কারো দ্বিমত থাকতে পারে না। দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াবহ রাতে কেউই নিজ দায়িত্ব পালন করেননি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।