পরীমনি ইস্যু

১২ ফেসবুক পেজ ও ইউটিউব আইডির বিরুদ্ধে সিটি ব্যাংকের আইসিটি অ্যাক্টে মামলা

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) একটি মামলা হয়েছে। সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (হেড অব কোর্ট অপারেশন) গাজী এম শওকত হাসান বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করেন। গতকাল রবিবার গুলশান থানার ওসি আবুল হাসান ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৮ আগস্ট সকাল থেকে ব্যাংক কর্তৃপক্ষ দেখে যে, অজ্ঞাতনামা আসামিরা তাদের ফেক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে দি সিটি ব্যাংক লিমিটেড, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও অন্যান্য কর্মকর্তার অনুমতি ছাড়া পরিচিতি তথ্য ব্যবহার করে মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। অজ্ঞাত আসামিরা উদ্দশ্যেপ্রণোদিতভাবে ডিজিটাল সিস্টেম ব্যবহার করে ব্যক্তিসুবিধা লাভ করার জন্য বিভিন্ন সময়ে উল্লিখিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটগুলোতে দি সিটি ব্যাংক লিমিটেডের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালককে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করাসহ ব্যাংক থেকে অসাধু উপায়ে অর্থ আদায়ের হীন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য ব্যবহার করে মিথ্যা, মানহানিকর তথ্য ও ভিডিও তৈরি করে অপপ্রচার করছে। যেসব ফেসবুক পেজ ও ইউটিউব আইডির বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলোর মধ্যে ফেসবুক পেজ হলো ভাইরাল প্রতিদিন, Nayeem Korea, ইলিয়াস হোসাইন, CarHub BD এবং ইউটিউব আইডিগুলোর মধ্যে রয়েছে, Khobor BD, MTIS BD VOICE, TALK WITH SHAWON, STAR NEWS BANGLA, London Bangla লণ্ডন বাংলা, AROUND NEWS24, Probashi360 ও Monira Sultana Popy।