কুনমিংয়ে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিং চীনে গতকাল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করে তার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং মহান স্বাধীনতার রূপকার। বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন। বাঙালির অধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন আপসহীন। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং তারই নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যত দিন বাংলাদেশ থাকবে তত দিন জাতির পিতার নাম প্রতিটি বাঙালির অন্তরে অক্ষয় হয়ে থাকবে।  পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি