জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন শিক্ষার্থীর। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন শিক্ষার্থী। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২০ জুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়ে ১৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়। এ বছরও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ৯টি ইউনিটের জন্য পৃথকভাবে ভর্তি আবেদন ফরম পূরণ করতে হয়েছে। এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ নিয়ে গঠিত ‘এ’ ইউনিটে ৪১০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৮ হাজার ২০২ জন শিক্ষার্থী।
এছাড়া ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬টি আসনের বিপরীতে ৩৭ হাজার ৮৪৭ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) ৩৭৬টি আসনের বিপরীতে ৪১ হাজার ৬৭৭ জন, ‘সি১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ৬১টি আসনের বিপরীতে ১০ হাজার ৫৯ জন, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩২০টি আসনের বিপরীতে ৬৯ হাজার ১২৯ জন, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০টি আসনের বিপরীতে ১৮ হাজার ৩৩ জন, ‘এফ’ ইউনিটে (আইন অনুষদ) ৬০টি আসনের বিপরীতে ২৪ হাজার ২২০ জন, ‘জি’ ইউনিটে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ৫০টি আসনের বিপরীতে ৮ হাজার ৮৬১ জন, ‘এইচ’ ইউনিটে (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ৫৬টি আসনের বিপরীতে ২৩ হাজার ২৪০ জন এবং ‘আই’ ইউনিটে (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৩০টি আসনের বিপরীতে ৬ হাজার ৭১০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।