আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের অন্যতম অসাম্প্রদায়িক মহামানব। গতকাল রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, একজন মানুষ-কবি, সাহিত্যিক, রাজনীতিক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যা-ই হোন না কেন, তিনি যদি বর্ণবাদী কিংবা সাম্প্রদায়িক হন তাহলে কোনোক্রমেই তিনি পরিপূর্ণ একজন মানুষ কিংবা প্রকৃত যৌক্তিক কোনো মানুষ হতে পারেন না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে অর্থেও পরিপূর্ণ, যৌক্তিক অনুসরণীয় ও অনুকরণীয় অসাম্প্রদায়িক মহামানব। বিহারাধ্যক্ষ ধর্মমিত্র মহাথের সভাপতিত্বে বিশেষ প্রার্থনা সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মধ্যে নেই। কিন্তু তারই সুকন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ছিল বাংলাদেশ থেকে দারিদ্র্যমুক্ত করা। বঙ্গবন্ধুর সোনার বাংলা ছিল ধনী-গরিব কোনো পার্থক্য না রেখে বাংলাদেশের সব মানুষের যাতে ভাগ্যর পরিবর্তন হয়। তার কন্যা শেখ হাসিনাও বাবার সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করে যাচ্ছেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চিত্র নায়ক ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।
প্যান্ডেলে দুর্বৃত্তদের হামলা