দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একে অপরের পরিপূরক ও সমার্থক। তার জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর অবদানকে খাটো করার বহু চেষ্টা করা হয়েছে। কিন্তু তা সফল হয়নি।

গতকাল রবিবার জাতীয় শোক দিবসে ভার্চুয়াল আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। সভায় দুদকের তিন শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন, অর্থনৈতিক মুক্তি সংগ্রামের অন্যতম প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। তিনি কমিশনের সবার উদ্দেশে বলেন, আজ আমরা শপথ নেই দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার। সব ধরনের সামাজিক ব্যবধান দূর করে আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সততা ও ইমানদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর প্রতি আমাদের ঋণ শোধ করার এটিই অন্যতম পন্থা। পরে দোয়া অনুষ্ঠিত হয়।