জীবনের শেষ দিন পর্যন্ত জাতির জন্য কাজ করতে চাই: আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই। ১৯৬৬ সালে ছয়দফা আন্দোলনে ছাত্রনেতা হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও  বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার নানা অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন এদেশের মানুষের অধিকার আদায়ে একনিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে।

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী স্মরণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান লক্ষ্যণীয়ভাবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কাজ করতে পেরে আমি গর্বিত এবং জীবনের শেষ দিন পর্যন্ত জাতির প্রতি দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে দূতাবাসের কর্মকর্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের নিহত সদস্যবৃন্দের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর আনোয়ার হোসেন মঞ্জু এমপি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, সাবেক মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা জাতির পিতার আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন।

এরপর আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বক্তব্য রাখেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। কতিপয় বিপথগামী সেনাসদস্য এক গভীর ষড়যন্ত্রেও মাধ্যমে ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড সংঘঠিত করে। বঙ্গবন্ধু স্মরণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস অনাড়ম্বর পরিবেশে  জাতীয় শোক দিবস পালন করেছে।

ইত্তেফাক/এএইচপি