সংবাদ সংক্ষেপ

রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বড়াইগ্রাম জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম শীর্ষক রচনা ও তার ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চৌমুহন অধ্যাপক আব্দুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা ঈমান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ।

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা করোনা রোগীদের চিকিত্সাসেবার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে ফেসবুক গ্রুপ ‘মধুপুরবাসী’। গ্রুপের পরিচালক মাহফুজুল আলম রুমেল মধুপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিনের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেসবুক এডমিন এসআই শহীদ, আশরাফুল আলম রিপন, খন্দকার ইসতিয়াক আহমেদ সজীব প্রমুখ।

মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সফিউল আজম, কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, কাহারোল থানার ওসি মো. রইচ উদ্দীন প্রমুখ।

মমেকে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন করোনা রোগীর জীবন রক্ষার্থে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৫০০ পালস অক্সিমিটার প্রদান করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। সোমবার দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবিরের হাতে এসব সুরক্ষাসামগ্রী তুলে দেন তিনি। এ সময় সিটি মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্ষতিপূরণের চেক হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে ৩৮ জন জমির মালিককে ১ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ১৩৩ টাকার চেক প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাসুদুল হক উপস্থিত ছিলেন।

অক্সিজেন সিলিন্ডার বিতরণ

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ প্রমুখ।

উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে আইনশৃঙ্খলা ও উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম আবু নওশাদ, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া প্রমুখ।