পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের নির্দেশ

দেশের অনলাইন প্ল্যাটফরম থেকে পাবজি ও ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর অনলাইন গেইমস তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো অ্যাপ কেন দেশের অনলাইন প্ল্যাটফরম থেকে সরানো হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলে এ ধরনের গেইমস ও অ্যাপের মাধ্যমে কি পরিমাণ টাকা লেনদেন হয়েছে—তা নিরূপণে এবং লেনদেনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না— তাও জানতে চেয়েছে আদালত। একই সঙ্গে ক্ষতিকর অনলাইন গেইমস ও অ্যাপের বিষয়ে তদারকি এবং গাইডলাইন তৈরি করতে কারিগরি দক্ষতাসম্পন্ন একটি কমিটি গঠন করতে কেন        নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, শিক্ষা সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও পুলিশের আইজিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।  আদালতে রিটের পক্ষে আইনজীবী হুমায়ন কবির পল্লব ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী শুনানি করেন।

অনলাইন গেইমস ও ভিডিও স্ট্রিমিং অ্যাপের ক্ষতিকর দিক তুলে ধরে গত ১৯ জুন সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। এইসব গেইমস ও অনলাইন ভিডিও স্ট্রিমিং অ্যাপ দেশের শিশু-কিশোর এবং তরুণ প্রজন্মের মধ্যে অনলাইন আসক্তি তৈরি করছে। শিক্ষা, সংস্কৃতি ধ্বংসের পাশাপাশি সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের দিকে যাচ্ছে এসব গেইমস ব্যবহারের কারণে। নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে এ রিট করা হয়।