এ বছরই ফিফা ব্যাজ পেয়েছিলেন বাংলাদেশের নারী রেফারি সালমা ইসলাম মনি। অপেক্ষায় ছিলেন দেশের সবচেয়ে মর্যাদার ম্যাচে নামবেন। সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আরামবাগ ক্রীড়া সংঘ এবং উত্তর বারিধারা ক্লাবের ম্যাচে সহকারী রেফারি হিসেবে অভিষেক ঘটেছে সালমা ইসলাম মনির। দেশের পুরুষ ফুটবলে এটি একটি ইতিহাস। প্রথম কোনো নারী রেফারি দেশের পুরুষ ফুটবলের প্রথম শ্রেণির ম্যাচে দায়িত্ব পালন করলেন। সাবেক ফিফা রেফারি আজাদ রহমান বললেন, ‘আর কোনো নারী প্রথম শ্রেণির পুরুষ ফুটবলের ম্যাচে দায়িত্ব পায়নি। সালমা ইতিহাস গড়লেন। তিনিই প্রথম নারী।’ তিনি বলেন, ‘জয়া চাকমা প্রথম ফিফা রেফারি কিন্তু তিনি দায়িত্ব পালন করার সুযোগ পাননি এখনো। দেশের বাইরে আছেন।’ গতকাল বিকালে কমলাপুর স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে উত্তর বারিধারা ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ মুখোমুখি হয়। আরামবাগ হারলে লিগ হতে অবনমন হবে। এই কঠিন ম্যাচ পরিচালনায় দক্ষ রেফারি এবং সহকারী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়। কারণ এখানে ঝুঁকি নেওয়া যাবে না। রেফারিং কর্মকর্তারা ঝুঁকি নিয়েছেন সালমা ইসলাম মনিকে দায়িত্ব দিয়ে। ম্যাচে একজন নারী রেফারি নামছেন বলে দুই দল হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। খেলার একমাত্র গোলটি হয় সালমার সাইড দিয়ে। বারিধারা জয় পায়, হেরে লিগ হতে অবনমন হয় আরামবাগ। খেলা শেষে ইতিহাস হয়ে যান নারী রেফারি।