জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকরা তার ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখতে পান। গতকাল সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান গতকাল রাতে ইত্তেফাককে জানান, হাসপাতালে যাওয়ার পর দেখা যায় রওশন এরশাদের অক্সিজেন স্যাচুরেশন কম। এরপর মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। পরে দেখা যায়, যেখানে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মাত্রা ৫০-৬০ থাকার কথা, সেখানে তার ছিল ২০০-এর বেশি। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মামুন জানান, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। পৃথক বিবৃতিতে মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন রওশন পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি। ৭৮ বছর বয়সি রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালনের মাঝখানে কিছুদিন বিরোধীদলীয় উপনেতার দায়িত্বও পালন করেন।
সিইসির সঙ্গে জাপা মহাসচিবের সাক্ষাত্
সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করেছেন। নির্বাচন কমিশন সচিবালয়ে সাক্ষাত্কালে জাপা মহাসচিব সিইসিকে বলেছেন—মাঠ পর্যায়ের কিছু পুলিশ কর্মকর্তার আচরণে এই উপনির্বাচন প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে মাঠ পর্যায়ের ঐসব অতি উত্সাহী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান জিয়াউদ্দিন বাবলু। সিইসি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা করণীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। নির্বাচন কমিশনের সচিব খন্দকার হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন।