তালেবান সমর্থিত কন্টেন্ট নিষিদ্ধ করেছে ফেসবুক

তালেবানদের প্রতি সমর্থনমূলক সব কন্টেন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফেসবুক জানিয়েছে, তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়বস্তু পর্যবেক্ষণ ও অপসারণের জন্য আফগান বিশেষজ্ঞদের একটি নিবেদিত দল রয়েছে। তারাই কন্টেন্ট সরানোর কাজ করছে। এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

ফেসবুকের এক মুখপাত্র বলেন, মার্কিন আইনে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়েছে। একই সঙ্গে ভয়ঙ্কর সংস্থা নীতির অধীনে আমাদের সকল পরিষেবা থেকে আমরা তাদের নিষিদ্ধ করেছি। এর মানে হলো আমরা তালেবানদের পক্ষ থেকে বা তাদের রক্ষণাবেক্ষণ করা অ্যাকাউন্টগুলো সরিয়ে দেই এবং গোষ্ঠিটির প্রশংসা, সমর্থন ও প্রতিনিধিত্বকারী কন্টেন্ট নিষিদ্ধ করেছি।

আমাদের আফগান বিশেষজ্ঞদের একটি ডেডিকেটেড টিম রয়েছে। যারা স্থানীয় দরি ও পশতু ভাষাভাষী এবং তাদের অঞ্চলটির প্রসঙ্গ সম্পর্কে ভালো ধারণা আছে। ফেসবুকে উদ্ভূত সমস্যাগুলো চিহ্নিত করতে এবং সতর্ক করতে তারা আমাদের সাহায্য করে। যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ