রংপুর বিভাগে করোনায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২৪৬

রংপুর বিভাগে এক দিনের ব্যবধানে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২৪৬ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। সঙ্গে বেড়েছে সুস্থতা। সোমবার (১৬ আগস্ট) বিভাগে সাতজনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ১০০ জন। এ মাসের গেল ১৭ দিনে রংপুর বিভাগের আট জেলায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নতুন মৃতদের মধ্যে গাইবান্ধায় দুইজন, পঞ্চগড়ের দুইজন, রংপুরের একজন ও ঠাকুরগাঁও জেলার একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ১ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরে ৫১ জন, ঠাকুরগাঁওয়ে ৫০ জন, দিনাজপুরে ৩৩ জন, পঞ্চগড়ে ৩৩ জন, নীলফামারী ২৮ জন, কুড়িগ্রামে ২৫ জন, গাইবান্ধা ১৫ জন ও লালমনিরহাট জেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭১% শতাংশ।

রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১১৭ জনে। এর মধ্যে দিনাজপুরে ৩১০ জন, রংপুরে ২৬২ জন, ঠাকুরগাঁওয়ে ২২‌১ জন, নীলফামারীতে ৭৮ জন, পঞ্চগড়ে ৬৮ জন, কুড়িগ্রামে ৬১ জন, গাইবান্ধায় ৫৯ জন ও লালমনিরহাটে ৫৮ জন রয়েছেন। এ পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ লাখ ৪১ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫০ হাজার ৭৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ৪২ হাজার ২৫৪ জন।

ইত্তেফাক/এমএএম