সিলেটে আবারও করোনা বৃদ্ধি, ১৭ জনের প্রাণহানি

সিলেটে করোনায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর পর সোমবার (১৬ আগস্ট) মৃত্যু ৫ জনে নেমে আসলেও মঙ্গলবার আবারো ১৭ জনের প্রাণহানির খবরে সিলেটবাসীর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৩৫৭ জনের। 

নতুন করে মারা যাওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে ১১ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে মারা গেছেন এবং ৬ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২১৬ জন, সুনামগঞ্জে ২৪, হবিগঞ্জে ৩৭ ও মৌলভীবাজারে ৩২ জনের করোনা শনাক্ত হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬ শত ২৮ জন।  এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট জানায়, সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৯১৯ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৬৭০ জন। 

ইত্তেফাক/এসজেড