গোলযোগপূর্ণ সীমান্তে আজারবাইজানের সেনাদের গুলিতে আর্মেনিয়ার দুই সেনা নিহত হয়েছেন। সোমবার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজারবাইজানের সেনারা নাখিচেভান সীমান্তে আর্মেনীয় সেনাদের অবস্থানে গুলি চালালে এক সেনা নিহত হন। আজারবাইজানের সেনাদের ছোড়া গুলি আর্মেনিয়ার ঐ সেনার পেটে লাগে এবং মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আর্মেনিয়ার ঐ সেনা মারা যান। খবর গ্লোবাল টাইমসের
আর্মেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ঐদিন সন্ধ্যায় আজারবাইজানের সেনারা আবারও উসকানিমূলক গুলি চালালে আর্মেনিয়ার এক সেনা নিহত হন। বিবৃতিতে আজারবাইজানের সেনাদের ক্ষয়ক্ষতির দাবি করা হলেও আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনাদের কেউ হতাহত হননি। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে, আর্মেনিয়ার সেনারা আগে গুলি চালানো শুরু করে। পালটা জবাব দিলে তাতে আর্মেনিয়ার সেনা নিহত হন। গোলযোগপূর্ণ নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে গত বছর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে মারাত্মক সীমান্ত সংঘাত শুরু হয়। এতে দুই পক্ষের সেনাসহ অন্তত ৬ হাজার মানুষ নিহত হয়। পরে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হলেও মাঝেমধ্যেই দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।