কিছু তর্ক-সমালোচনার বাইরে সমৃদ্ধির পথেই এগুচ্ছে নাটক ইন্ডাস্ট্রি

তানভীর তারেক

নাটকের ভাষা বদলে যাচ্ছে। সমৃদ্ধির দিকেই এগুচ্ছে এই মাধ্যমটি। অনেক তর্ক-বিতর্ক যেমন থাকছে তেমনি সম্ভাবনাও দেখা যাচ্ছে এখনকার মেধাবী নির্মাতাদের হাত ধরে। মাধ্যম, নাটকের ব্যাপ্তি এবং গল্প, সবকিছুতেই পরিবর্তন দেখা দিচ্ছে।

এর ভেতরে নির্মাতা, নাট্যকারের কিছু দায়বোধের ঘাটতি, নাটকে পরিবারহীন দুই/চারজনকে দিয়ে প্রডাকশন তৈরি করা, শীর্ষ ভিউ পাওয়া তারকা, নির্মাতাদের বিশেষ সিন্ডিকেটের অভিযোগ যেমন শোনা যাচ্ছে,  এর বাইরে আশাবাদের গল্পও রয়েছে বর্তমান নাটক নিয়ে।

নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘এখনকার তরুণ নির্মাতারা নাটকটা সিনেমার মতো করে বানাচ্ছে, আর সিনেমাটা বানাচ্ছে নাটকের মতো।’ এই মন্তব্য একদিক থেকে খুব ইতিবাচক, অন্যদিকে হতাশার। কারণ চূড়ান্ত সফল নাট্য নির্মাতারাও সিনেমাতে খুব একটা আলোচনায় আসতে পারছেন না। তবে দারুণ এক সম্ভাবনা রয়েছে ওটিটি প্লাটফর্মে। বাংলাদেশি নির্মাতারা এরই ভেতরে তা প্রমাণ করেছেন। দেশীয় ওটিটি বঙ্গ, চরকি থেকে শুরু করে একাধিক প্লাটফর্ম এবং কলকাতার কিছু ওটিটিতে এখন বাংলাদেশি তারকাদের রাজত্ব। গত প্রায় ২ বছরে যতগুলো ওয়েব সিরিজ হয়েছে তাতে বাংলাদেশি তারকাসমৃদ্ধ সিরিজগুলোই সারাবিশ্বের বাংলা ভাষাভাষীদের ভেতরে দারুণ সাড়া ফেলেছে।

এ সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘আমাদের দেশে অভিনয় শিল্পী, ভালো নির্মাতা কোনোকিছুরই অভাব নেই। শুধু পেশাদার প্রডাকশন হাউজের প্রয়োজন। দেশের বড় বড় শিল্পপতিরা তাদের একটি শাখা নাটক-সিনেমার জন্য বরাদ্দ রাখলে এদেশের শিল্প-সংস্কৃতির দৃশ্যপট বদলে যাবে। আমি সবার মতো ভর্তুকি দেওয়ার কথা বলবো না। এখানে ভর্তুকির কিছু নেই। কারণ এটা খুবই লাভজনক মাধ্যম। শিল্পপতিরা এটাকে তার অন্য ব্যবসার মতো বিবেচনা করলেই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। আসলে সিনেমার ভাষাটা যে কত শক্তিশালী একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য, এটা বাইরের সকল দেশের শিল্পপতিরা বুঝলেও আমাদের এখানে বুঝতে সময় লাগছে।’ তাই লগ্নিকারী নয়, বরং প্রকৃত অর্থে প্রযোজক প্রয়োজন আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য। এই কথা অধিকাংশ তরুণ নির্মাতা বলছেন। একইসঙ্গে এ সময়ের ওটিটি’র যুগে আমাদের দেশে একাধিক চারণ শিল্পী লাইমলাইটে উঠে এসেছে। এর ভেতরে নূর ইমরান নামের একজন অভিনেতা আশফাক নিপুনের  পরিচালনায় ‘মহানগর’ সিরিজের অন্যতম চরিত্র হিসেবে উঠে এসেছেন। রয়েছেন দর্শকদের আগ্রহের তালিকায়।

এর বাইরে শ্যামল মওলা দীর্ঘদিন ধরে টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করলেও ওটিটি প্লাটফর্মে ব্যপক চাহিদাসম্পন্ন তারকা হিসেবে প্রতিষ্ঠিত আজ।

এ প্রসঙ্গে দেশীয় চলচ্চিত্র ও টিভি ইন্ডাস্ট্রির ঈর্ষণীয় সফল অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘ওটিটি প্লাটফর্ম প্রকৃত মেধাবী শিল্পীদের জন্য দারুণ এক সৌভাগ্য নিয়ে এসেছে। সেক্ষেত্রে আমি বলবো নিজের মেধা যোগ্যতা থাকলে এদেশে কোনো প্রকৃত আর্টিস্ট বেকার বসে থাকবে না।’ তবে এখন মূল পরীক্ষার বিষয় যে, ওটিটিতে সফল একজন নির্মাতা ফুল লেন্থ ফিল্মে কতটা সফল হবেন? এক্ষেত্রে অনেকেই খানিকটা সময় নিচ্ছেন। খানিক হেরে যাওয়ার ভয়ও পাচ্ছেন।

নির্মাতা সৈয়দ শাওকীর নির্মাণে তাকদীর, আশফাক নিপুনের মহানগর, মাবরুর রশীদের সুইপার ম্যানসহ বেশকিছু নাটক, ওয়েব সিরিজ সাম্প্রতিক সময়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। সেক্ষেত্রে এ সকল নির্মাতার হাত ধরে চলচ্চিত্রের সুদিন আসবে বলে সকলেই মনে করছেন। এদিকে আদনান আল রাজীব ‘ইউটিউমার’ নামের একটি ওয়েব ফিল্ম প্রকাশ করেছেন। তবে নির্মাতার মতে, এই চলচ্চিত্রটি তিনি মুঠোফোনসহ ছোট ডিভাইস ব্যবহারকারীদের টার্গেট করেই বানিয়েছেন। বড়পর্দার ছবির সঙ্গে এই ছবিটিকে মেলাতে চান না তিনি। তবে সবচেয়ে আশার বিষয় হলো মেধাবী নির্মাতাদের এসকল একক নাটক বা ওয়েব সিরিজে নতুন শিল্পীরা জনপ্রিয়তার আলো ছড়াচ্ছেন। সেক্ষেত্রে অন্যতম আরেক নাম ফারহান। সুইপারম্যান নাটকে তিনি তার অভিনয়ে নিজের জাত চিনিয়েছেন। তাই বলা চলে, বিচ্ছিন্ন সমালোচনা হলেও নাটক ইন্ডাস্ট্রিতে দারুণ ক’জন মেধাবী নির্মাতা-অভিনয় শিল্পীর হাত ধরে এগুচ্ছে।