বিনোদন রিপোর্ট
আগামী ২০ আগস্ট রাজধানীর মিরপুরে চালু হচ্ছে আন্তর্জাতিকমানের মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’-এর নতুন শাখা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
মিরপুর ২ নম্বরের সনি সিনেমা হলের স্থানে নির্মিত হয়েছে এই সিনেপ্লেক্সটি। তিনটি স্ক্রিনের পাশাপাশি হলের পরিসর অনুযায়ী আসন সংখ্যা রয়েছে যথাক্রমে ৪০৮, ২২৫ ও ১৩৬। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। তিনি বলেন, ‘রাজধানীর অন্যতম জনবহুল ও বৃহত্তম এলাকা মিরপুর। তাই এই এলাকার দর্শকদের বিনোদনের কথা ভেবে এই সিনেপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। অনেক প্রতীক্ষার পর অবশেষে সিনেপ্লেক্সটি চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে মিরপুরবাসীর আনন্দে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছি। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করার পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে কোনো আয়োজন থাকছে না। আগামীকাল থেকে টিকেট বিক্রি শুরু হবে এবং ২০ আগস্ট থেকে সরকারি নির্দেশনা মোতাবেক সকল স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শন শুরু হবে।’